সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে পুকুরে ডুবিয়ে লুকিয়ে রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তি দুটির ওজন ৪২ কেজি। বিজিবির হিসাব অনুযায়ী, মূর্তি দুটির সিজার মূল্য ৪২ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোররাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে সীমান্তবর্তী পূর্ব উচনা এলাকায় একটি পুকুর থেকে মূর্তি দুটি উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ২৮১/২৫-এস থেকে আনুমানিক ২৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব উচনা এলাকায় একটি পুকুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের একাধিক মূর্তি লুকিয়ে রাখা হয়েছে বলে জানতে পারে বিজিবি। সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্যরা সুযোগ বুঝে মূর্তিগুলো সীমান্তের কাছাকাছি নিয়ে গিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।
এ তথ্যের ভিত্তিতে ২০ বিজিবির দুটি চৌকস টহল দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। রাত আনুমানিক ১টা ১০ মিনিটে পুকুরে সাঁড়াশি অভিযান চালিয়ে পানির নিচে বিশেষ চিহ্নযুক্ত দুটি বাঁশের খুঁটির সঙ্গে নিমজ্জিত অবস্থায় পাশাপাশি রাখা দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পাচারকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন