প্রত্যন্ত গ্রামের মাঠে ফুটবলের হাতেখড়ি। সেই মাঠ থেকে শুরু করে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের পথ ধরে এবার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের তিন নারী ফুটবলার। সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তারা।
রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি সূত্রে জানা গেছে, আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের মাটিতে। বৃহত্তর রাজশাহী বিভাগের মধ্যে ঠাকুরগাঁওয়ের এই তিন ফুটবলারই জাতীয় দলের হয়ে ম্যাচ দুটিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
রাণীশংকৈলের প্রত্যন্ত গ্রাম রাঙ্গাটুঙ্গি থেকে উঠে এসে জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে খেলার সুযোগ পাওয়ায় আনন্দিত স্থানীয় ক্রীড়াঙ্গনের মানুষ। তাদের এই অর্জন শুধু ঠাকুরগাঁওয়ের জন্য গর্বের নয়, বরং এলাকার নতুন প্রজন্মের নারী ফুটবলারদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক ও সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, একাডেমির তিনজন খেলোয়াড় জাতীয় নারী ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের ফুটবলে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও মেয়েরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। তাদের এই অর্জন আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার একটি বড় স্বীকৃতি। আশা করি, তারা সিঙ্গাপুরে ভালো খেলা উপহার দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। পাশাপাশি তাদের সাফল্য দেখে এলাকার আরও মেয়েরা ফুটবলে আগ্রহী হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন