দিনাজপুর প্রতিবেদকঃ দিনাজপুর সুরেন্দ্র নাথ (এসএন) কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে অষ্টম পুনর্মিলনী মেলা-২০২৬। স্মৃতিচারণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গুণীজনদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার (২৮ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন হয়।
সকালে কলেজ প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পুনর্মিলনী মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে অংশ নেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরন্নবী, অষ্টম পুনর্মিলনী মেলা-২০২৬ উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুস সামাদসহ কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
সকাল ১১টায় দ্য গ্র্যান্ড দাদুবাড়ী পার্ক অ্যান্ড রিসোর্টে আলোচনা সভা, সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকার সাবেক প্রধান প্রকৌশলী প্রকৌশলী জাহিদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক নওশের ওয়ান, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মসিহ-উর-রহমান খোকা এবং দিনাজপুরের সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান।
স্বাগত বক্তব্য দেন অষ্টম পুনর্মিলনী মেলা-২০২৬-এর আহ্বায়ক অ্যাডভোকেট আমিরুল ইসলাম তুফান। শুভেচ্ছা বক্তব্য দেন সদস্যসচিব প্রকৌশলী মহিউদ্দিন আলমগীর।
আলোচনা সভার আগে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সমাজসেবা, ক্রীড়া, নাট্যশিল্প, রাজনীতি, শিক্ষা, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, অধ্যাপনা, উপস্থাপনা ও সাংবাদিকতায় অবদানের জন্য তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রয়াতদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন প্রধান সমন্বয়কারী আব্দুস সামাদ। এরপর উপস্থিত সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী সিনিয়র শিক্ষক সিরাজাম মুনিরা, প্রভাষক হারুন-উর-রশিদ এবং ড্রয়িং স্কুলের পরিচালক নাজমুস সাকিব রানা।
দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে রওনক আরা হক নিপার ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুনর্মিলনীতে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থীরা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সময় কাটান।
দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা, পুরোনো দিনের স্মৃতিচারণ এবং বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের মিলন—সব মিলিয়ে এসএন কলেজের অষ্টম পুনর্মিলনী মেলা প্রাক্তন শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে আনন্দঘন আয়োজন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন