"মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস " উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর একটি মাদকবিরোধী র্যালী সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেল সুপার আবু নূর মোঃ রেজা, দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মামুন হাসান চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং দিনাজপুরের বিভিন্ন মাদক নিরাময় কেন্দ্রের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার এবং সমাজ থেকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।