দিনাজপুর:মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত 'মা ও শিশু সহায়তা কর্মসূচি'-এর নিবন্ধন ক্যাম্প দিনাজপুরে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ ক্যাম্প ২৬ ও ২৭ জুন (শুক্র ও শনিবার) দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. রিয়াজ উদ্দিন এবং World Food Programme (WFP) Bangladesh-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ভাই থাপা (Bhai Thapa)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
আয়োজকরা জানান, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় যোগ্য উপকারভোগীদের নিবন্ধনের মাধ্যমে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে নারী ও শিশুর পুষ্টি, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনাজপুরের উপপরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করেছে। কারিগরি সহযোগিতা দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)।