“শিশুশ্রমকে না বলি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর আয়োজনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় বলেন, শিশুশ্রম প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এ জন্য পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিশুদের কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না করে তাদের শিক্ষা, খেলাধুলা ও সুস্থ মানসিক বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য শিশুদের বয়স উপযোগী ও নিরাপদ পরিবেশে বিভিন্ন সহায়ক কাজ শেখানো যেতে পারে। তবে তা যেন কখনোই তাদের লেখাপড়া, শারীরিক ও মানসিক বিকাশ কিংবা শৈশবকে ব্যাহত না করে। প্রতিটি শিশুর নিরাপদ, আনন্দময় ও মর্যাদাপূর্ণ শৈশব নিশ্চিত করাই আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।