বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করেছে। মো. শাহেদ হোসেনকে সভাপতি ও মো. নুরনবী ইসলামকে সাধারন সম্পাদক করে নবগঠিত আংশিক কমিটি ঘোষনা করা হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৭ জুলাই কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি সুদর্শন রায়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আদনান সানজিদ রুদ্র এবং সাংগঠনিক সম্পাদক তাসিন আল ফুয়াদ মনোনীত হয়েছেন। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব রিফাত চৌধুরী। এ সময় জেলা ছাত্রদলের নেতাকর্মী এবং মেডিকেল কলেজ ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে নবগঠিত কমিটির নেতৃত্বে একটি আনন্দ মিছিল কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে নবনির্বাচিত নেতারা জানান।