উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল পরিচালনায় নতুন নেতৃত্ব এসেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ৩০ জুন ২০২৬ সালের প্রজ্ঞাপনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি-কে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উপসচিব ইফফাত জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষ্যে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর আসাদুল হাবিব দুলু বলেন, "রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরবঙ্গের কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল। রোগীদের ভোগান্তি কমিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক সেবার পরিবেশ নিশ্চিত করাই আমার অগ্রাধিকার।"
এদিকে, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। স্থানীয় সচেতন মহল এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বে হাসপাতালের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান, প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে কার্যকর পরিবর্তন আসবে।