শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং পরীক্ষা গ্রহণে 'দ্বৈত নীতি' ও বৈষম্যের অভিযোগ তুলে দিনাজপুরে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২.30 মিনিট পর দিনাজপুরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেটে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এই আকস্মিক অবরোধের কারণে রেললাইনের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীদের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, জলাবদ্ধতা ও তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জোরপূর্বক এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই দ্বৈত নীতি ও বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে সাধারণ পরীক্ষার্থীরা চরম মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন। দুর্যোগের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এই বৈষম্যের প্রতিবাদে তারা বর্তমান শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন।