দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষক দম্পতির কন্যা উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্তিকা মোহন্ত্ম প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। সে এককভাবে বিদ্যালয়টির পক্ষ থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে বিদ্যালয়ের জন্য গৌরব বয়ে এনেছে।
মৃত্তিকা মোহন্ত্ম রানীগঞ্জ সরকারি ২য় দ্বিমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত্ম ভুট্টু এবং হরিপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নন্দিতা অধিকারীর বড় মেয়ে। মৃত্তিকার এই সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকেই সে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে লেখাপড়ায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে।
বাবা-মা উভয়েই শিক্ষক হওয়ায় শিক্ষার প্রতি তার আগ্রহ ও অনুপ্রেরণা ছোটবেলা থেকেই গড়ে ওঠে। মেয়ের এই সাফল্যে তারা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা আঞ্জুমান আরা বলেন, মৃত্তিকা একজন মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী শিক্ষার্থী। তার এই অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত্ম গৌরবের। মৃত্তিকা মোহন্ত্ম ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এলাকাবাসী, তার পিতা-মাতা ও আত্মীয়রা দোয়া চেয়েছেন।