মৎস্য উৎপাদন বৃদ্ধি, মাছের মৃত্যুহার কমানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে কৃষকদের মাঝে অ্যারেটরসহ বিভিন্ন আধুনিক মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত মৎস্যচাষীরা উপকৃত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় উপজেলা পরিষদ চত্বরে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে উপকরণ তুলে দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা মো. ফজল ইবনে কাওসার আলী। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য বিভাগের কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়নের মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।