দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নে বিএনপির দল পুনর্গঠনকে সামনে রেখে নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাতে পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ২নং পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রওশন আহমেদ বেলু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান বিপ্লব।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় দলকে আরও সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, “দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি ইউনিটকে সক্রিয় করতে হবে। তৃণমূলের নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করা সম্ভব।”
সভায় বক্তারা দল পুনর্গঠনের কার্যক্রম সফল করতে নেতাকর্মীদের আন্তরিকতা, পারস্পরিক সৌহার্দ্য, সাংগঠনিক শৃঙ্খলা এবং ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানান।