সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের ফলে উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০টি পদে নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনগত বাধা নেই বলে আজ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্য পদে নিয়োগ কার্যক্রম তরান্বিত করতে সরকার গত ৬ সেপ্টেম্বর চার সদস্যের একটি কমিটি গঠন করে। এই কমিটি গঠনকে চ্যালেঞ্জ করে ৫৫ জন চাকরি প্রত্যাশী হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট গত ২৮ সেপ্টেম্বর রুল জারি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন ২ হাজার ৩৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা পদের নিয়োগ কার্যক্রম স্থগিত করেন। তবে হাইকোর্টের এই আদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি লিভ টু আপিল করা হয়। সেই লিভ টু আপিলের শুনানি শেষে আজ আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। তবে রিট আবেদনকারী ৫৫ জনের জন্য ৫৫টি পদ শূন্য রাখার নির্দেশ দেওয়া হয়।
আজকের এই আদেশের ফলে উপসহকারী কৃষি কর্মকর্তার ২ হাজার ৩৬০ টি (৫৫পদ সংরক্ষিতসহ) পদে নিয়োগ কার্যক্রমে আর কোনো আইনগত বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
আজ চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ওসমান চৌধুরি। অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন