ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয়ভাবে তৈরি একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫০ বিজিবি)। শুক্রবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধীনস্থ কোটপাড়া বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে। তবে অভিযানকালে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোটপাড়া বিওপির নায়েব সুবেদার মো. আঃ মোতালেব হোসেনের নেতৃত্বে বিশেষ টহলদলটি অভিযানে নামে। তারা দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে 'হরিণমারী' নামক স্থানে তল্লাশি চালিয়ে এই দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির আনুমানিক জব্দমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ২০০ টাকা। অভিযানের সময় অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিজিবি জানায়, সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একই সাথে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য, মানব পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোদে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সীমান্তের নিরাপত্তা ও সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন