দিনাজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা বাইক চোরচক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে চক্রের অপর এক সদস্য কৌশলে পালিয়ে গেলেও তার বাড়ি থেকে আরও দুটি চোরাই বাইক উদ্ধার করা হয়।বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি ওসি মুহাম্মদ আলমগীর, পিপিএম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালী থানাধীন ২নং সুন্দরবন ইউনিয়নের সুন্দরবন (দাসপাড়া) গ্রামের বসতবাড়িতে অভিযান চালিয়ে নয়ন দাস (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। আটককৃত যুবক সুন্দরবন মাঝিপাড়া এলাকার ঘুগল দাসের ছেলে। তার বাড়ি থেকে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের একটি নীল রঙের রেজিস্ট্রেশনবিহীন 'Honda Shine SP CB 125 cc' মোটরসাইকেল (ইঞ্জিন নং- JC72E-G-1007560, চেসিস নং- PSOJC7290LH108295) জব্ধ করা হয়।
গ্রেপ্তারকৃত নয়ন দাস প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করে। একই সাথে আটকৃত যুবক জানায়, তার কাকা শ্বশুর অনন্ত দাস ওরফে খাকাওয়ের কাছে আরও দুটি চোরাই মোটরসাইকেল রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি নীলফামারী সদর থানাধীন যাদুরহাট (দাসপাড়া/জেলেপাড়া) গ্রামে অনন্তর বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনন্ত দাস কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে তার ঘর তল্লাশি করে আরও ২টি রেজিস্ট্রেশনবিহীন চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের একটি লাল রঙের 'TVS metro 100cc' (ইঞ্জিন নং- N8010459US24, চেসিস নং- PS625MF55N6N48246)। অপর আরেকটি মোটরবাইক আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি নীল রঙের 'Bajaj Pulsar 150cc' (ইঞ্জিন নং- DHYWJB63214, চেসিস নং- MD2A11CY0JWB98082)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আসামিরা দিনাজপুরসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সুকৌশলে মোটরসাইকেল চুরি করে আসছিল। উদ্ধারকৃত ৩টি মোটরসাইকেলের মোট আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে দিনাজপুরের কোতয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন