দিনাজপুরে সিআইডি কর্মকর্তা মো. নওয়াবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কৃষকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান মজিবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মজিবুর রহমান মজিব জেলা কৃষকদলের সদস্য সচিব ছিলেন।
রোববার দিবাগত রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মজিবুর রহমান মজিব দিনাজপুর পৌর শহরের বালুয়াডাঙ্গা এলাকার শেখ ইসমাইলের ছেলে।
এ ঘটনায় রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন মো. নওয়াবুর রহমান। মামলায় অজ্ঞাতনামা দুজনকে আসামি করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, একটি মামলার নথিপত্র সংগ্রহ করতে রোববার রাতে তিনি কোতোয়ালি থানায় যান। নথিপত্র সংগ্রহের পর ওসি কক্ষের সামনে একজন ব্যক্তি, ‘ওসি কোথায় আছেন বলে জিজ্ঞাসা করেন।’ জবাবে তিনি নিজের পুলিশ পরিচয় দিয়ে একটি মামলার তদন্তের কাজে থানায় এসেছেন এবং ওসি কোথায় আছেন তা জানেন না বলে জানান।
এ সময় ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে একপর্যায়ে অভিযুক্ত মজিবুর রহমান তাকে গালে সজোরে থাপ্পড় মারেন। এতে আকস্মিকভাবে তিনি স্তম্ভিত হয়ে যান।
ঘটনার সময় ডিউটি অফিসারের কক্ষে থাকা এসআই (নি.) মো. মানিক রানা, এসআই (নি.) মো. মমিনুর রহমান, কনস্টেবল মো. রফিকুল ইসলামসহ আরো কয়েকজন পুলিশ সদস্য দ্রুত এসে আসামিদের নিবৃত করার চেষ্টা করেন।
এ সময় সাক্ষীরা সিআইডি কর্মকর্তার পরিচয় আসামিদের জানালে তারা আরো ক্ষিপ্ত হয়ে সিআইডি কর্মকর্তা ও পুলিশ পরিবারকে উদ্দেশ করে অশ্লীল ও মানহানিকর কথাবার্তা বলেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। পরে তারা কৌশলে ঘটনাস্থল থেকে বের হয়ে যান।
বিষয়টি থানার ওসিকে জানানো হলে তিনি আসামিকে থানা হেফাজতে রাখার নির্দেশ দেন। এরপর ডিউটি অফিসার মজিবুর রহমানকে হেফাজতে নেন। সিআইডি কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে এ ঘটনায় মামলা করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নুর নবী জানান, মজিবুর রহমান মজিবকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক
সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আর্দশ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকান্ডে সরাসরি জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব মজিবর রহমান মজিবকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
তার সাথে দলীয় নেতাকর্মীদেরকে কোনরুপ যোগাযোগ না রাখার জন্যও অনুরোধ করা হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন