দিনাজপুর জেলা বিশেষ শাখার (ডিএসবি) ডিআইও-১ মোঃ শহিদুল ইসলাম পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম। এ সময় তিনি বিদায়ী কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তার সঙ্গে কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে জেলা পুলিশের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আব্দুল হালিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে সহকর্মীরা পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন