দিনাজপুরে হঠাৎ পাড়ায় মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর আলোচনা সভা ও মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি
দিনাজপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের হঠাৎ পাড়ায় মাদকের ভয়াবহ বিস্তার রোধে মাদকবিরোধী কমিটি, মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর হঠাৎ পাড়া মসজিদের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা, মাদক কেনাবেচা বন্ধ এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
আলোচনা সভায় মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মা-বোনেরা মাদকের বিরুদ্ধে অভিযান, প্রতিবাদ ও মানববন্ধন করে আসছেন। তাঁদের ধারাবাহিক উদ্যোগে মাদকের বিস্তার কিছুটা কমলেও এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। মাদকমুক্ত এলাকা গড়তে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
এ সময় এলাকার নারীরা বলেন, হঠাৎ পাড়া থেকে মাদক কেনাবেচা সম্পূর্ণ বন্ধ না হওয়া পর্যন্ত তাঁদের মাদকবিরোধী অভিযান, প্রতিবাদ ও আলোচনা সভা অব্যাহত থাকবে। তাঁরা অভিযোগ করেন, বিষয়টি কোতোয়ালি থানা পুলিশের নজরে আনার পরও তাঁরা পুলিশের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পাচ্ছেন না। মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের আরও সক্রিয় ভূমিকা পালনের দাবি জানান তাঁরা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, মাদকবিরোধী আন্দোলনের সামনের সারিতে এলাকার মা-বোনদের দেখা গেলেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের অনেকেই প্রত্যাশিতভাবে এগিয়ে আসছেন না। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
মসজিদের ইমাম বলেন, মাদক ব্যবসার মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে এ এলাকার মাদক কেনাবেচা বন্ধ করা কঠিন হবে। তিনি মাদক বিক্রেতাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় মসজিদ কমিটি ও এলাকাবাসী হঠাৎ পাড়ায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা বলেন, এলাকার তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে শুধু অভিযান নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগও জরুরি। মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তাঁরা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন