দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দপুর গ্রামের অসহায় নারী আমেনা বেগম দীর্ঘ পাঁচ দিন পর অবশেষে চলাচলের পথ ফিরে পেয়েছেন। স্থানীয় প্রভাবশালীরা বাড়ির সামনে বেড়া দিয়ে তার চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠার পর উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপে আজ ওই বেড়া অপসারণ করে তাকে অবমুক্ত করা হয়েছে।
জানা গেছে, স্বামীর মৃত্যুর পর আমেনা বেগম দ্বিতীয় বিয়ে করেন। এরপর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তার বাড়ির সামনে বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেন। এতে গত পাঁচ দিন ধরে তিনি কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে তারা ঘটনাটি প্রশাসনকে অবহিত করেন। এরপর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে আমেনা বেগমের চলাচলের পথ উন্মুক্ত করা হয়।
এ ঘটনায় আমেনা বেগম প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিষয়টি প্রশাসনের নজরে আনার জন্য স্থানীয় সাংবাদিকদেরও ধন্যবাদ জানান।
স্থানীয়রা বলেন, একজন অসহায় নারীর চলাচলের পথ বন্ধ করে তাকে এভাবে দুর্ভোগে রাখা কোনোভাবেই কাম্য নয়। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে তার চলাচলের পথ উন্মুক্ত হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন