দিনাজপুরের খানসামায় অনুমোদিত সীমার বাইরে অবৈধভাবে বিপুল পরিমাণ রাসায়নিক সার মজুতের অভিযোগে দুই সার ডিলারের গুদামে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। পৃথক এসব অভিযানে মোট ৬৫৭ বস্তা সার জব্দসহ দুই ডিলারকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনিয়মের দায়ে একটি গুদাম সিলগালা করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার টংগুয়া বাজার ও পাকেরহাট এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।
কৃষি অফিস জানা গেছে, টংগুয়া বাজারের বিসিআইসি নিবন্ধিত সার ডিলার প্রতিষ্ঠান ‘মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্স’-এ অবৈধ মজুতের তথ্যে অভিযান চালানো হয়। সেখান থেকে ২০৭ বস্তা সার (৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি) জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মূল ডিলার দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তি তা পরিচালনা করছিলেন। অবৈধ মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাদের ৫০ হাজার টাকা জরিমানা করে সার বাজেয়াপ্ত করেন।
পাকেরহাটের বিএডিসি নিবন্ধিত ডিলার মহিতোষ চন্দ্র চন্দের ‘মেসার্স মহাদেব ট্রেডার্স’-এ অভিযান চালিয়ে ৪৫০ বস্তা (৩৫০ বস্তা এমওপি ও ১০০ বস্তা ডিএপি) সার পাওয়া যায়। অবৈধ সার মজুতের অপরাধে ডিলার মহিতোষকে ৪০ হাজার টাকা জরিমানা করে তার গুদামটি সিলগালা করে দেয় প্রশাসন।
খানসামা উপজেলা নির্বাহী কামরুজ্জামান সরকার জানান, জব্দকৃত সারগুলো আগামীকালই স্থানীয় কৃষকদের মাঝে সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি বা কৃষকদের হয়রানি করলে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন