দিনাজপুরের বিরল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উৎসব মুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আল এমরান।উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মণ্ডপ গুলো পরিদর্শন কালে তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজ-খবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন।
আসন্ন শারদীয় দুর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিরল থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে বিরল থানার অফিসার ইনচার্জ মো: আল এমরান উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি মণ্ডপের আশ-পাশের নিরাপত্তা ব্যবস্থা, সিসি টিভি ক্যামেরার উপযোগিতা এবং স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় সুধী জনের সাথে মতবিনিময় কালে ওসি মো: আল এমরান বলেন, বিরল উপজেলায় সব ধর্মের মানুষ আবহমান কাল থেকে পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে। আসন্ন দুর্গা পূজা যেন অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য বিরল থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও জানান, মণ্ডপ গুলোতে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল নিয়োজিত থাকবে। যে কোনো ধরনের গুজব বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশকে তাৎক্ষণিক তথ্য দিয়ে সহায়তা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
পুলিশের এই আগাম তৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
তারা জানান, প্রশাসনের এমন তদারকি ও আশ্বাসের ফলে সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।
মণ্ডপ পরিদর্শন কালে বিরল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন