দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের কাচদহ এলাকায় অনুমোদন ছাড়াই প্রকাশ্যে বালু উত্তোলন ও ট্রাক্টরে পরিবহনের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফারাইহুল ইসলামের বিরুদ্ধে। দিনের পর দিন বালু উত্তোলন ও পরিবহন চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, কাচদহ এলাকায় বিভিন্ন স্থানে মাটি খুঁড়ে বালু উত্তোলন করা হচ্ছে। পরে উত্তোলন করা বালু ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে যেমন এলাকার পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে, অন্যদিকে বালুবাহী ট্রাক্টরের অবাধ চলাচলে স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পথচারী ও বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে।
সম্প্রতি সরেজমিনে কাচদহ এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকটি স্থানে মাটি খুঁড়ে বালু উত্তোলনের চিত্র। উত্তোলন করা বালু ট্রাক্টরে করে পরিবহন করা হচ্ছে। এতে এলাকায় তৈরি হচ্ছে ধুলাবালি ও কাদার সমস্যা। স্থানীয়দের দাবি, নিয়মিত ভারী যানবাহন চলাচলের কারণে সড়কেরও ক্ষতি হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও পরিবহন চললেও প্রভাবশালী হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। রাজনৈতিক পরিচয়ের কারণে প্রকাশ্যে প্রতিবাদ করতেও অনেকে ভয় পান বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের আশঙ্কা, অপরিকল্পিতভাবে মাটি ও বালু উত্তোলন অব্যাহত থাকলে কৃষিজমি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়তে পারে। একই সঙ্গে বালুবাহী ট্রাক্টরের নিয়মিত চলাচলে স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত নজরদারি ও সরেজমিন তদন্ত দাবি করেছেন। তাদের মতে, বালু উত্তোলনের বৈধতা যাচাই করে অনুমোদন ছাড়া উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এর আগেও নবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান ও ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।
তবে অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. ফারাইহুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলনের বৈধতা যাচাই করবে এবং অবৈধভাবে বালু উত্তোলন হয়ে থাকলে তা বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন