নীলফামারীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা জজ কোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মাসুদ করিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত—মোখছেদ আলী নীলফামারীর সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার পাড়া গ্রামের মৃত বাছরা প্রামাণিকের ছেলে।
আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুটি মোখছেদের নাতনির সঙ্গে তাদের বাড়ির উঠানে খেলছিল। বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘর মোছার কথা বলে শিশুটিকে ভেতরে ডেকে নেন মোখছেদ। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী শিশুটি পরিবারের কাছে বিস্তারিত জানালে তার বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
রাষ্ট্রপক্ষ দ্রুততার সঙ্গে আদালতে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করে। ঘটনার মাত্র এক বছরের মাথায় ট্রাইব্যুনাল শুনানি শেষ করে রায় ঘোষণা করলেন।
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান খান রিনো বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে এ সাজা দেওয়া হয়েছে। এছাড়া জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগী শিশুটিকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিশুটির বাবা। তিনি বলেন, "দ্রুত বিচার সম্পন্ন করায় আমরা বিচার বিভাগ ও সরকারের প্রতি কৃতজ্ঞ। এভাবে অল্প সময়ে অপরাধীদের বিচার নিশ্চিত করা গেলে দেশে ধর্ষণের মতো অপরাধ কমে আসবে।"
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন