নীলফামারী ডোমারে‘মাদক সম্রাজ্ঞী’ হিসেবে পরিচিত রুপা বেগমকে (৪৪) আটক করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলার ছোট রাউতা কাজীপাড়া এলাকায় নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে ডোমার থানা পুলিশ। রুপা বেগম উক্ত এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী।
ডোমার থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট রাউতা কাজীপাড়ায় রুপা বেগমের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অপরাধের রেকর্ড ও স্থানীয়দের অভিযোগ:
পুলিশের দাবি, রুপা বেগমের বিরুদ্ধে ডোমারসহ বিভিন্ন থানায় ৩০টিরও বেশি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলায় তিনি সাজাপ্রাপ্ত।
বিভিন্ন সময়ে গ্রেফতার হয়ে কারাভোগের পর জামিনে বা মুক্তি পেয়ে তিনি আবারও এলাকার মাদক ব্যবসার লাগাম ধরে ফেলেন।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, রুপা বেগমের কারণে এলাকার যুবসমাজ দ্রুত মাদকের দিকে ধাবিত হচ্ছিল। বারবার আটক হওয়ার পরও ছাড়া পেয়ে তিনি একই অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটক রুপা বেগমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার সকালে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।"
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন