পঞ্চগড়ের বোদা উপজেলায় কাপড়ের বস্তায় লুকিয়ে মোটরসাইকেল যোগে ১২ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন দুই মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বোদা পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে বোদা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আটকরা হলেন বোদা উপজেলার পাঁচপীর এলাকার সেনপাড়া গ্রামের হৃদয় ইসলাম (২২) ও মহেন রায় (২৩)।
শুক্রবার সকালে পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে পঞ্চগড় জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, দুই মাদক কারবারি মোটরসাইকেলযোগে অভিনব কৌশলে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে পুরাতন কাপড়ের মধ্যে বিশেষ কায়দায় গাঁজা লুকিয়ে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়ের বোদা বাইপাস হয়ে সাকোয়ার দিকে নিয়ে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার একটি দল বোদা পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে একটি মোটরসাইকেল থামিয়ে চালক হৃদয় ইসলাম ও মোটরসাইকেলের অপর আরোহী মহেন রায়কে আটক করা হয়।
এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলের মাঝখানে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করা হয়।তল্লাশিকালে বস্তার ভেতরে পুরাতন কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকানো নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে পরিমাপ করে মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
তাদের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) আবু হোসেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে বোদা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আবু সালেহ মো রায়হান
পঞ্চগড়
০৪/০৯/২০২৬
০১৭১৯৪৬১১৫১
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন