পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫০০ বোতল ভারতীয় 'ম্যাজিক পেইন রিলিফ' (Magic Pain Relief) ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। জব্দকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের পরিকল্পনা ও নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযানে অংশ নেয়। হাবিলদার মো. জহুরুল হকের নেতৃত্বে টহল দলটি সীমান্তের মেইন পিলার ৭৮৮ এন ৩৮ সাব পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০০ বোতল ভারতীয় ট্যাবলেট জব্দ করে।
এবিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযানিক কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত দিয়ে মানব পাচার ও মাদক প্রবেশের বিরুদ্ধে বিজিবি 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে এবং সদা সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরো বলেন, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন