লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে, গাঁজা ও মদ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পাটগ্রাম সীমান্ত: শুক্রবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে পঁয়ষট্টিবাড়ী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে পঁয়ষট্টিবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৬৭ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়।
অন্যদিকে, ভোর ৫টা ২০ মিনিটে সিংগীমারী বিওপির বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় ৩৫০ গজ ভেতরে হাতীবান্ধার কানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৫ কেজি ভারতীয় গাঁজা ও ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের সর্বমোট সিজার (বাজার ও দণ্ডিক) মূল্য ২৮ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও অবৈধ বাণিজ্যসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।
তিনি আরও বলেন, "সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। দেশের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন