দিনাজপুরের বিরল বাজারে বিশেষ অভিযান চালিয়ে সায়েম ট্রেডার্স নামের একটি সার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ২৭১ বস্তা অবৈধ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সাথে প্রতিষ্ঠানটির গোডাউনটি সিলগালা এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বিরল বাজারের সায়েম ট্রেডার্সে এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রেজাউল ইসলাম।
জানা যায়, সরকারের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সার মজুত ও বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। সায়েম ট্রেডার্সের গোডাউনে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকারের ২৭১ বস্তা সার পাওয়া যায়, যার কোনো বৈধ কাগজপত্র বা সন্তোষ জনক উৎস দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। তাৎক্ষণিক ভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল ইসলাম ২৭১ বস্তা সার জব্দ করার নির্দেশ দেন এবং সারের অবৈধ মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই গোডাউনটি সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়।
অভিযান চলাকালে ইউএনও’র সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা: রুম্মান আক্তার।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল ইসলাম জানান, কৃষকদের অধিকার রক্ষা এবং সারের বাজারে যে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কালোবাজারি রুখতে উপজেলা প্রশাসনের এই ধরনের কঠোর তদারকি ও অভিযান নিয়মিত চলমান থাকবে। কোনোভাবেই সার নিয়ে সিন্ডিকেট বা অবৈধ মজুত বরদাশত করা হবে না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন