দিনাজপুরের বিরামপুরে বাড়ির ময়লা-আবর্জনা ফেলা নিয়ে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মুকুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) রাত ৮টার দিকে বিরামপুর পৌরসভার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন ওই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ময়লা-আবর্জনা ফেলা নিয়ে মুকুল হোসেনের সঙ্গে তাঁর বড় ভাই এটিএম শামসুজ্জামানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শামসুজ্জামানের হাতে থাকা লাঠির আঘাতে মুকুল গুরুতর আহত হন।
পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময়ই মুকুলের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, অভিযুক্ত এটিএম শামসুজ্জামান একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর তিনি পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন