সুদূর সিলেটের অনন্তপুর থেকে বিয়ে করতে এসেছিলেন রংপুরে। বিয়ের দিন, তারিখ, সময় ও স্থান সবকিছুই ছিল আগে থেকে নির্ধারিত। কনে ও তার স্বজনদের সঙ্গে দেখাসাক্ষাৎও হয়েছিল। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ঘটে বিপত্তি। কনে সাজানোর কথা বলে পার্লারে নিয়ে বরপক্ষের চোখের আড়ালে ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে উধাও কনেপক্ষের লোকজন। প্রতারণার শিকার হয়ে এখন পুলিশের দ্বারস্থ বর ও তার স্বজনরা।
প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৪৫ জন বরযাত্রী নিয়ে সিলেটের হবিগঞ্জ সদর উপজেলার অনন্তপুর থেকে রংপুরে বিয়ে করতে এসেছিলেন ফয়ছল নামের এক যুবক।
১০ নভেম্বর রাতে বিয়ের উদ্দেশ্যে রওনা হয়ে পরদিন রংপুরে পৌঁছান তারা। সেখানে বরপক্ষকে স্বাগত জানান কনেপক্ষের লোকজন। এরপর সবাইকে নিয়ে যাওয়া হয় নগরীর একটি কমিউনিটি সেন্টারে। বিয়ের প্রস্তুতির অংশ হিসেবে বরপক্ষের আনা স্বর্ণালংকার যাচাই করা হয় স্থানীয় একটি স্বর্ণের দোকানেও।
তবে তখনো কেউ বুঝতে পারেননি, তারা প্রতারণার শিকার হতে যাচ্ছেন।
একপর্যায়ে কনেকে সাজানোর কথা বলে নিয়ে যাওয়া হয় একটি পার্লারে। সেখানে বরপক্ষের দেওয়া স্বর্ণালংকার পরিধান করেন কনে। এরপর কৌশলে বরপক্ষের তিনজনকে অন্য জায়গায় নিয়ে যান কনেপক্ষের লোকজন। শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নেওয়ার পর তাদের ফেলে রেখে স্বর্ণালংকারসহ উধাও হয়ে যায় কনেপক্ষের সদস্যরা।
বরপক্ষের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, বরের নিজের বোনের সঙ্গে কনের বড় বোনের দীর্ঘদিনের পরিচয় ছিল। সেই পরিচয়ের সূত্র ধরেই বিয়ের প্রস্তাব। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিনক্ষণ ও অন্যান্য আয়োজন চূড়ান্ত করা হয়। সবকিছু ঠিকঠাক মনে হওয়ায় ১০ নভেম্বর রাতে রংপুরের উদ্দেশে রওনা দেন তারা।
এ ঘটনায় প্রতারণার শিকার হয়েছেন দাবি করে ফয়ছল রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াদুদ আলম।
এদিকে বিয়ের আনন্দঘন আয়োজন মুহূর্তেই পরিণত হয়েছে চরম হতাশায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিয়ের স্বপ্ন নিয়ে রংপুরে এসে এমন প্রতারণার শিকার হওয়ায় ক্ষুব্ধ ও হতবাক বরসহ তার স্বজনরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন