ঠাকুরগাঁওয়ে চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ভবানন্দ পাল নামে এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার মন্দিরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক ভবানন্দ পাল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় দায়ের করা একটি চেকসংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে সিআর ৯০৩/২০২৬ নম্বর মামলা রয়েছে। মামলার কার্যক্রম চলাকালে তিনি আদালতে উপস্থিত না হয়ে অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সদর থানা পুলিশ জানায়, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তাকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, “সিআর ৯০৩/২০২৬ নম্বর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ভবানন্দ পালকে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। তাকে আগামীকাল বিজ্ঞ আদালতে পাঠানো হবে।”
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন