দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ৮ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত মামলায় আরও একজনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের ধীরেন্দ্র নাথ রায়ের ছেলে উৎপল রায়-কে ১বছর, দামাইক্ষেত্র গ্রামের মৃত বুধা চন্দ্র রায়ের ছেলে কার্তিক চন্দ্র রায়-কে ১ বছর, দেবীপুর গ্রামের নারায়ণ রায়ের ছেলে অপু চন্দ্র রায় ১ বছর, দেবীপুর গ্রামের মো. আব্দুল ওয়াহাবের ছেলে মো. আরমান আলী-কে ১বছর এবং দেবীপুর গ্রামের মো. কুদ্দুস আলীর ছেলে মো. রাহেল ইসলামকে ১ বছর কারাদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, মুচকুড়ি গ্রামের মো. বাবু মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন, চাপাপাড়া গ্রামের মৃত নেন্দা মোহাম্মদের ছেলে মো. মোস্তাকিম এবং মুচকুড়ি গ্রামের মো. আব্দুল গাফ্ফারের ছেলে মো. মামুন মিয়াকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, নিয়মিত মামলার আসামি হিসেবে জগদ্দল ডাঙ্গাপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে দারগ আলী (৪০)-কে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ৮ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৯ জন আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দিনাজপুরের পুলিশ সুপার জনাব জেদান আল মুসা পিপিএম মহোদয়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশ সুপারের কঠোর অবস্থান ও সুস্পষ্ট নির্দেশনার কারণে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম নির্বাচনী অঙ্গীকার হিসেবে মাদকমুক্ত বীরগঞ্জ-কাহারোল গড়ার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। তাঁর প্রত্যাশা ও প্রশাসনের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বীরগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন