দিনাজপুরের বীরগঞ্জে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকাসহ মনমোহন চন্দ্র মোটাই (৫৫) নামে এক জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোবিন্দপাড়া এলাকায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনমোহন চন্দ্র মোটাই গোবিন্দপাড়া গ্রামের মৃত চন্দ্র মোহন বর্মনের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. আব্দুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে মনমোহনের বাড়িতে তল্লাশি চালানো হয়।
এ সময় বসত ঘরের কাঠের শোকেসের নিচের তাক থেকে নীল পলিথিনে মোড়ানো একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকাও জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন