চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে টমাস আলী (৩৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে।
টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর টোলা গ্রামের গোলাম মর্তুজার ছেলে টমাস (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস এবং কার্যক্রম নিষিদ্ধ কৃষকলীগ নেতা ছিলেন।
পুলিশ জানায়, আজ বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে এবং ধোঁয়ার কুণ্ডলী দেখে এলাকাবাসী দেখেন একজন নিহত হয়ে পড়ে আছে। এ ছাড়া বোমা তৈরির সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তে ককটেল বোমা তৈরির সময় একজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম ছড়িয়ে পড়েছিল। সেগুলো আলামত হিসেবে জব্দের কাজ চলমান আছে।
তিনি বলেন, টমাস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুলের পিএস ছিলেন। ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশে এই বোমা তৈরি করা হচ্ছিল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান আছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন