দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে হত্যার অভিযোগে বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনাজপুর থেকে ঢাকাগামী একটি কোচে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত ও ভুক্তভোগী বিরামপুর কৃষ্ট চাঁদপুর চার নাম্বার ওয়ার্ডের মনিরুদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত ৯টার দিকে কৃষ্ণ চাঁদপুর এলাকায় ছোট ভাই মুকুল হোসেনের ধানের জমিতে বড় ভাই দেলোয়ার হোসেন (৫০) ও মেজো ভাই এটিএম শামসুজ্জামান মাস্টার (৪৫) ময়লা ফেলেন। ময়লা ফেলাকে কেন্দ্র করে ছোট ভাই মুকুল হোসেন বড় ভাইদের সঙ্গে তর্কে জড়ান।
এসময় বড় ভাই ও মেজো ভাই মুকুল হোসেনকে কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে ছোট ভাই মুকুল হোসেন বুকের ডান পাশে গুরুতর আঘাত পেয়ে জ্ঞান হারান।
পরে পরিবারের সদস্যরা তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন