দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ধান-চাল ব্যবসায়ীর গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার সন্ধ্যা ৬টার সময় বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে একটি চাতালের একটি ধানের গোডাউনে এ অভিযান চালিয়ে সার গুলো উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন। অভিযানের সময় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মা, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। পরে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়। ডিলারশিপ বা বৈধ অনুমতি ছাড়া সার মজুদ রাখার অভিযোগে মো. আলমগীর হোসেনের গোডাউন থেকে এসব সার জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন জানান, জব্দ করা টিএসপি সার পরদিন সরকার নির্ধারিত মূল্যে সরাসরি স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে। বিক্রির সম্পূর্ণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে মাহানপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা দিলীপ কুমার রায়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন