শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মু.মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা।
শনিবার তিনি পরশুরাম থানাধীন খটখটিয়া সার্বজনীন দুর্গা মন্দির, চব্বিশ হাজারি শিব মন্দির এবং মোস্তাপুর স্কুল মাঠ প্রাঙ্গণে অবস্থিত সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার বলেন, ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের বছরব্যাপী প্রতীক্ষিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সম্প্রীতির উৎসব। এ উৎসবের আনন্দ যেন সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি, কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিলক্ষিত হলে দ্রুত পুলিশ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
পূজামণ্ডপে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের আশপাশের পরিবেশ সম্পর্কে সর্বদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশনা প্রদান করেন তিনি। একই সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং তাঁদের প্রতি যত্নশীল ও সহযোগিতাপূর্ণ আচরণ নিশ্চিত করার আহ্বান জানান।
পুলিশ কমিশনার আরও বলেন, গণতান্ত্রিক সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে সম্মিলিতভাবে পাশে রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে রাষ্ট্র ও সমাজের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়ে সবাই মিলে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে হবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট রয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন