লালমনিরহাটে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের দায়ে আশরাফ হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আশরাফ হোসেন কালীগঞ্জের মদাতী ইউনিয়নের বলাইটারী এলাকার সাহাত আলীর ছেলে।
আদালত ও এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিকেলে প্রতিবেশী এক শিশুকে (৫) কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নেন আশরাফ আলী। পরে নির্জন বাড়িতে শিশুটিকে ধর্ষণ করেন আসামি আশরাফ হোসেন। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে জানালে তাকে হাসপাতালে ভর্তি করে তার পরিবার।
এ ঘটনায় ওই দিন অভিযুক্ত আশরাফ হোসেনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন শিশুটির মা। মামলায় আসামি আশরাফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে বিচারকার্য শুরু হয়। দীর্ঘ শুনানিতে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আসামির উপস্থিতিতে মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে বলা হয়, শিশু ধর্ষণের দায়ে আসামি আশরাফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, ‘এটি একটি লোমহর্ষক ঘটনা। ৫ বছরের শিশুকে ধর্ষণের মতো ন্যাক্কারজনক কাজ করেন আসামি আশরাফ হোসেন। আদালত ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছেন।’
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন