দিনাজপুরের ঘোড়াঘাটে ভলকানাইজিং মেশিন দিয়ে শিশুর (৮) পায়ুপথে বাতাস দেওয়ার অভিযোগে আফজাল হোসেন নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) ঘোড়াঘাট থানায় মো. আফজাল হোসেন ও অজ্ঞাতনামা আরো একজনকে আসামি করে লিখিত এজাহার দায়ের করেন শিশুটির বাবা।
এর পরই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগীহাট বাজারে আফজাল হোসেনের ভলকানাইজিং দোকানে শিশুটির পায়ুপথ দিয়ে বাতাস প্রবেশ করানো হয়। এ ঘটনায় শিশুটির পায়ুপথ ফেটে রক্তাক্ত ও জখম সৃষ্টি হয়েছে।
শিশুটির বাবা জানান, ছেলের মুসলমানি উপলক্ষে গত ২৫ অক্টোবর শ্বশুরবাড়ি চৌরিয়া গ্রামে যান তিনি।
২৬ অক্টোবর ছেলের মুসলমানি সম্পন্ন হওয়ার পর ২৭ অক্টোবর তিনি ঢাকায় ফিরে যান। এরই মধ্যে ২ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরের মাধ্যমে ছেলের অসুস্থতার খবর পান। পরে শিশুটিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির বাবার দাবি, হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের মাধ্যমে শরীরের ভেতরে বাতাস থাকার বিষয়টি জানতে পারেন তারা। পরে শিশুটির কাছে জানতে চাইলে অভিযুক্ত আফজাল হোসেনের দোকানে হাওয়া মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস প্রবেশ করানোর বিষয়টি জানায় সে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে শিশুটিকে হত্যার উদ্দেশ্যে এমন কাজ করার অভিযোগও করেছেন তিনি।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানায়, বিষয়টি নিয়ে মামলা রুজু হয়েছে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন