দিনাজপুরের হিলিতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর ১৪ ঘণ্টা আত্মগোপনে ছিলেন নাশকতা মামলার আসামি মোশারফ হোসেন ওরফে মস্তফা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোশারফ হোসেন হাকিমপুর পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর মহল্লার বছির উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত হাকিমপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে মোশারফকে গ্রেপ্তার করে হাকিমপুর থানা-পুলিশ। পরে এক হাতে হাতকড়া পরিয়ে পুলিশের পিকআপে করে তাঁকে থানায় নেওয়া হয়। থানায় পৌঁছে পিকআপ থেকে নামানোর সময় সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে যান তিনি।
ঘটনার পর তাঁকে ধরতে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে পাঁচবিবির শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ২০২৫ সালের একটি নাশকতা মামলায় মোশারফকে গ্রেপ্তার করা হয়েছিল। থানায় নেওয়ার পর তিনি থানা চত্বর থেকে পালিয়ে যান। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে পাঁচবিবির শিমুলতলী এলাকা থেকে হাতকড়াসহ তাঁকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার তাঁকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন