"জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান" এই শ্লোগান বাস্তবায়নে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুম ''বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬'' এর সমাপনী অনুষ্ঠান ও বছরব্যাপী মাতৃদুগ্ধ বিষয়ক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আলোচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়।
রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা।
সমাপনী অনুষ্ঠানে নবজাতকের জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যে মাতৃদুগ্ধ পান শুরু করা, প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং পরবর্তীতে উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন এবং মাতৃদুগ্ধ শিশুর পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল জাতি গঠনে অপরিহার্য বলে অভিমত ব্যক্ত করেন ও পরবর্তী প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করেন।
পরে "বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ" উপলক্ষে অত্র বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক ডাঃ মোঃ মনিরুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট এ্যানেসথেসিয়া ডাঃ মোঃ আসাদ শেখ পারভেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন