ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলে অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরের পর মরদেহগুলো বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
বেনাপোল দিয়ে দেশে আসা পাঁচজনের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের তিন বছর বয়সী সন্তান স্বর্ণশীষ দত্ত, আফসানার বাবা মো. আকরাম আলী এবং ঢাকার সাভারের কসমেটিকস ব্যবসায়ী বাবু আহমেদ রয়েছেন।
বেনাপোল বন্দরে মরদেহ গ্রহণের জন্য আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেয় বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ। মরদেহ দেশে পৌঁছানোর পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
কুষ্টিয়ার নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার পরিবারের মরদেহ গ্রহণ করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর ও সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান। ঢাকার নিহত বাবু আহমেদের মরদেহ তার পরিবারের পক্ষে গ্রহণ করেন তার ভাই মনিরুজ্জামান।
কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-মামুন সাগর বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তিনি দুই দেশের সরকারের কাছে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করার আবেদন জানান।
এর আগে সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে এসেছে। নিহত রেবতী সরকারের মরদেহ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতাতেই সৎকার করা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) রুহুল আমিন এবং ইমিগ্রেশন পুলিশের ওসি ফেরদৌস হোসেন খান মরদেহ দেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন