গাইবান্ধা জেলায় হঠাৎ বয়ে যাওয়া ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে পাকার মুখে থাকা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে জেলার বিভিন্ন উপজেলার শত শত কৃষকের সোনালী স্বপ্ন মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেছে। খেতের পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ায় তারা চরম বিপাকে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে জেলার ওপর দিয়ে হঠাৎ করেই ঝড়ো হাওয়া ও মাঝারি থেকে ভারী শিলাবৃষ্টি বয়ে যায়। বিশেষ করে সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ির ওপর দিয়ে যাওয়া এই ঝড়ে আমন ধান ছাড়াও বিভিন্ন শীতকালীন সবজি, পেঁয়াজ, মরিচ ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষকরা জানান, এ বছর ধানের ফলন বেশ ভালো হয়েছিল এবং আর মাত্র কিছুদিন পরেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কিন্তু হঠাৎ এই শিলাবৃষ্টির কারণে ধানগাছগুলো মাটিতে শুয়ে পড়েছে এবং ধানের শীষ ভেঙে নষ্ট হয়ে গেছে। অনেক এলাকায় শিলার আঘাতে খেতের পাকা ধান ঝরে পড়ে গেছে। আকস্মিক এই বিপর্যয়ের ফলে উৎপাদন খরচ কীভাবে উঠবে এবং আগামীতে পরিবার নিয়ে কীভাবে চলবেন- তা নিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কৃষক সাদা মিয়া বলেন, ‘গত রাতের ঝড়ে আমার খেতের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ বছর অনেক আশা নিয়ে চাষাবাদ করেছিলাম, এখন সব শেষ।’
একই এলাকার কৃষক আব্দুল রহিম উদ্দিন জানান, ‘হঠাৎ এই শিলাবৃষ্টির কারণে ধানের অনেক ক্ষতি হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা এখন কী করব, বুঝে উঠতে পারছি না।’
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুদর্শন শিকদার বলেন, গতকালের ঝড় ও দুর্যোগে আক্রান্ত ফসলি জমির মধ্যে রয়েছে- আমন ধান ২৪৭ হেক্টর, শীতকালীন শাকসবজি ১৬ হেক্টর, পেঁয়াজ ৬৯ হেক্টর, মরিচ ১০ হেক্টর এবং কলা ৮ হেক্টরসহ সর্বমোট ৩৫০ হেক্টর জমির ফসল।
আকস্মিক এই ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত খেতগুলো পরিদর্শন করছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা চলছে। কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও মুহূর্তে সর্বস্ব হারিয়ে কৃষকদের চোখ এখন কেবলই অশ্রুসিক্ত।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন