দিনাজপুরের ফুলবাড়ীতে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও সরিষার বীজ বিতরণ শুরু করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেন। এ সময় উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ বলেন, রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ ও ২০ কেজি রাসায়নিক সার বিনা মূল্যে দেওয়া হচ্ছে। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ হাজার ২০০ কৃষক এ সহায়তা পাচ্ছেন।
তিনি জানান, এলুয়াড়ী, আলাদিপুর, কাজিহাল ও বেতদিঘী ইউনিয়নে ৩০০ জন করে মোট এক হাজার ২০০ কৃষক এবং দৌলতপুর, খয়েরবাড়ী ও শিবনগর ইউনিয়ন এবং ফুলবাড়ী পৌরসভায় ২৫০ জন করে মোট এক হাজার কৃষককে এ প্রণোদনা দেওয়া হচ্ছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন