দিনাজপুরের বীরগঞ্জে নির্বিঘ্নে ধান উৎপাদনের লক্ষ্যে ক্ষতিকর রোগ ও পোকামাকড়ের উপস্থিতি শনাক্তকরণ এবং দমন বিষয়ে কৃষকদের সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার সুজালপুর ইউনিয়নের কেন্নাকান্দর এলাকায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার সহ সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের ধানখেত পরিদর্শন করেন এবং রোগ ও পোকামাকড় দমনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম কৃষকদের ধানখেতের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে ক্ষতিকর রোগ ও পোকামাকড় শনাক্তকরণ, প্রতিরোধ এবং সঠিক ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি কৃষকদের নিয়মিত ধানখেত পরিদর্শন, রোগ ও পোকামাকড়ের লক্ষণ সম্পর্কে সচেতন থাকা এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি আরো বলেন, কৃষকদের ফসল উৎপাদনে যেকোনো ধরনের সমস্যা সমাধানে উপজেলা কৃষি বিভাগ সবসময় পাশে রয়েছে। ধানের ক্ষতিকর রোগ ও পোকামাকড় সময়মতো শনাক্ত করে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করা অত্যন্ত জরুরি। কৃষকরা নিয়মিত তাঁদের ধানখেত পরিদর্শন করবেন এবং কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ দেখা দিলে দ্রুত কৃষি বিভাগের পরামর্শ নেবেন। কৃষকদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ ফসল নিশ্চিত করতে আমরা মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছি। কৃষকদের স্বার্থে উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা মাঠে সবসময় আন্তরিকভাবে কাজ করে যাবে।
এ বিষয়ে সুজালপুর ইউনিয়নের কৃষক পিয়ারুল ইসলাম বলেন, এ ধরনের কার্যক্রমের ফলে আমরা ধানের বিভিন্ন রোগ ও ক্ষতিকর পোকামাকড় সহজেই চিনতে পারি এবং সেগুলো দমনের সঠিক কৌশল সম্পর্কে জানতে পারি। অনেক সময় রোগ ও পোকামাকড়ের আক্রমণ দেখা দিলেও সঠিক জ্ঞান ও পরামর্শের অভাবে আমরা বুঝতে পারি না কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হবে। কৃষি কর্মকর্তারা মাঠে এসে সরাসরি আমাদের ধানখেত পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ায় আমরা অনেক উপকৃত হচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো: রকিবুল হাসান প্রমানিক, এসএপিপিও আব্দুল বারী, এসএএও সন্জিত কুমার পাল, এসএএও বিপাশা আক্তার এসএএও, সুবর্না মুস্তারী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন