নীলফামারীর ডিমলায় শীতকালীন সবজির আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে এখন শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, মুলা, শিম, লাউ, আলু ও মরিচসহ নানা ধরনের শীতকালীন সবজি। কোথাও চলছে চারা রোপণ, কোথাও জমিতে পরিচর্যা, সার প্রয়োগ ও সেচের কাজ।
আবার কিছু জমিতে আগাম জাতের সবজি বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। তবে উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ভালো ফলনের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত লাভের মুখ দেখা নিয়ে অনিশ্চয়তা কাটছে না তাদের।
জানা গেছে, প্রতিবছর ডিমলা উপজেলায় ব্যাপক পরিমাণে সবজির আবাদ হয়। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বাজারে সরবরাহ করা হয়। মৌসুমের শুরু থেকেই আগাম সবজি চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের শীতকালীন সবজি উৎপাদনে ব্যস্ত হয়ে পড়েন কৃষকেরা। উপজেলার নাউতারা ইউনিয়ন, ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা, বালাপাড়া ইউনিয়নের রামডাঙ্গা, গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার ও দক্ষিণ গয়াবাড়ি এলাকায় শীতকালীন সবজির আবাদ চোখে পড়ার মতো। এসব এলাকার উঁচু জমির পাশাপাশি পূর্ব ও পশ্চিম ছাতনাই, খগাখরিবাড়ি, টেপাখরিবাড়ি, খালিশা চাপানি এবং ঝুনাগাছ চাপানি ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত চরাঞ্চলের উর্বর পলিমাটিতেও নানা ধরনের সবজি ও অন্যান্য ফসল উৎপাদন করছেন কৃষকেরা। একই জমিতে বছরে একাধিক ফসল চাষের সুযোগ থাকায় শীতকালীন সবজি তাদের বাড়তি আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছে।
কৃষকেরা জানান, বীজ, সার, কীটনাশক, সেচ, জমি প্রস্তুত ও শ্রমিকের মজুরি বাবদ উৎপাদন খরচ আগের তুলনায় বেড়েছে। সবজি চাষে নিয়মিত পরিচর্যা ও সেচের প্রয়োজন হওয়ায় শুরুতেই বেশি টাকা বিনিয়োগ করতে হচ্ছে। অন্যদিকে বাজারে সরবরাহ বেড়ে গেলে সবজির দাম কমে যাওয়ার আশঙ্কা থাকে। এতে অনেক সময় উৎপাদন খরচও ওঠে না। ফলে ভালো ফলনের সম্ভাবনা থাকলেও ন্যায্যমূল্য না পাওয়ার শঙ্কায় রয়েছেন তারা।
মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাসহ গ্রেপ্তার ১১
চরখড়িবাড়ি এলাকার কৃষক দুলাল হোসেন বলেন, এক একর জমিতে আগাম জাতের ফুলকপির চাষ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে জমির ফুলকপি বাজারজাত করতে পারবেন বলে আশা করছেন। পাশাপাশি তিনি ফুলকপি, বাঁধাকপি ও টমেটোর চারা উৎপাদন করে বিক্রি করেন। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাজারে ভালো দাম না পেলে লাভ করা কঠিন হবে।
কুটিরডাঙ্গা এলাকার কৃষক হজরত আলী ফুলকপি, বাঁধাকপি ও লাউসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির চাষ করেছেন। বাজারদর নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি বলেন, আগে থেকে তো কিছু বলা যায় না। বাজার ভালো থাকলে লাভ হতে পারে।
একই এলাকার কৃষক আহসান হাবিব শীতকালীন সবজি চাষের জন্য আশা এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। তিনি জানান, বীজ, সার, কীটনাশক ও সেচের খরচ বেড়েছে। উৎপাদিত সবজি ন্যায্যমূল্যে বিক্রি করতে না পারলে উৎপাদন খরচ তোলার পাশাপাশি ঋণ পরিশোধ করাও কঠিন হয়ে পড়বে। এতে সংসারের ব্যয় নির্বাহের পাশাপাশি পরবর্তী মৌসুমে চাষাবাদের জন্য পুঁজি জোগাড় নিয়েও দুশ্চিন্তায় থাকতে হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে ডিমলা উপজেলায় প্রায় ২৬ হাজার ২৫৬ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের রবি ফসল আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৫০ হেক্টর জমিতে আলু, ৯০ হেক্টরে পেঁয়াজ, ৩২৮ হেক্টরে গম এবং ১ হাজার ৫৯ হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচসহ বিভিন্ন ধরনের শীতকালীন সবজির আবাদ করা হচ্ছে। এ ছাড়া প্রায় ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হচ্ছে।
গয়াবাড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহজাহান আলী বলেন, কৃষকদের উন্নত পদ্ধতিতে সবজি চাষে উৎসাহিত করা হচ্ছে। জমিতে জৈব সার ব্যবহার, মাটির অম্লতা পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী ডলোচুন প্রয়োগ এবং সুষম মাত্রায় সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ফসলের নিয়মিত পরিচর্যার বিষয়েও কৃষকদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না বলেন, উপজেলায় প্রায় ৬২ হাজার কৃষককে সার কার্ড প্রদান করা হয়েছে। এসব কার্ডের মাধ্যমে চলতি রবি মৌসুমে বিভিন্ন ফসল আবাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ বছর কৃষকেরা চাহিদামতো সহজেই সারসহ অন্যান্য কৃষি উপকরণ পাচ্ছেন। অনুকূল আবহাওয়া ও কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক থাকলে চলতি মৌসুমে ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে উৎপাদন খরচের তুলনায় বাজারদর কম হলে লোকসানের ঝুঁকিতে পড়বেন কৃষকেরা। বিশেষ করে ঋণ নিয়ে চাষাবাদ করা কৃষকদের জন্য ন্যায্যমূল্য না পাওয়া বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু বিপণন ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকরা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন