দিনাজপুরের বিরলে ভূমি অধিকার, কৃষি-ভূমি সংস্কার এবং জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টায়, উপজেলা হল রুমে, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় এবং উপজেলা ভূমিহীন সমন্বয় সমিতির যৌথ আয়োজনে সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপতি মোঃ আজাহার আলীর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম।
সমাবেশে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিছ শারমীন সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঁ রুম্মান আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মুখ্য সহায়ক হিসেবে ভূমি অধিকার ও কৃষি সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) এর উপ-পরিচালক ড. ফরিদা পারভীন কেয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিডিএ-এর আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামান।
জন সমাবেশে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা জনসংগঠনের নেতা-কর্মীরা তাদের বক্তব্যে স্থানীয় ভূমিহীন পরিবারের নানা সংকট ও সমস্যার কথা তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জিং সময়ে টিকে থাকার জন্য জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর জোর দেওয়ার পাশাপাশি তারা সরকারি নীতিমালা অনুসরণ করে প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে দ্রুত খাস জমি বন্দোবস্ত দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম ভূমিহীনদের সমস্যা গুলো গুরুত্ব সহকারে শোনেন এবং সরকারি নিয়ম নীতি মেনে প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসন ও খাস জমি বরাদ্দের ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন