দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আলিমুদ্দিন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। মাহুতপাড়া ফুটবল ক্লাব ও এলাকার যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্য ও জাতীয়তাবাদী নবীন দল, দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া, জাতীয়তাবাদী নবীন দল জেলা শাখার সহ-সভাপতি মোঃ জুলফিকার রহমান বাবু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা, জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মঞ্জুর মুর্শেদ সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম তাজ, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রুবেল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ এবং জাতীয়তাবাদী নবীন দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইনসান আলী।
খেলা শুরুর আগে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এ সময় তারা ক্রীড়াঙ্গনের উন্নয়নে খেলাধুলার গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
ফাইনাল খেলায় দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্যে মাঠজুড়ে সৃষ্টি হয় টানটান উত্তেজনা। খেলা উপভোগ করতে মাহুতপাড়া ও আশপাশের এলাকার বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত হন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে একটি সুস্থ ক্রীড়া পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। আলিমুদ্দিন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্টের এ আয়োজন স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান আয়োজক ও এলাকাবাসী।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন