গাইবান্ধার সাদুল্লাপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়।
প্রতিযোগিতা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন