কাঠমান্ডুর ম্যাটে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশের কাবাডি। চার জাতি কাবাডি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭৬-২১ পয়েন্টের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের দল।
শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত এই লড়াইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছে ভারতীয় কাবাডি খেলোয়াড়রা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ আর রক্ষণের ছকে ভারতীয়দের সামনে অসহায় মনে হয়েছে বাংলাদেশকে।
রেইডারদের হানা সামাল দিতে হিমশিম খাওয়ার পাশাপাশি নিজেদের আক্রমণ থেকেও প্রত্যাশিত পয়েন্ট তুলে নিতে পারেনি দল। ফলে বড় ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
একই দিনে টুর্নামেন্টের অপর ম্যাচে জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিক নেপাল। থাইল্যান্ডকে ৬৫-৫০ পয়েন্টে হারিয়ে ঘরের মাঠে শুভসূচনা করেছে নেপালি কাবাডি দল।
কাঠমান্ডু যাওয়ার আগে এই আসর ঘিরে বেশ আশাবাদী ছিল বাংলাদেশ। কাবাডি ফেডারেশনের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে চলে প্রস্তুতি পর্ব। ফিটনেস বাড়ানো থেকে শুরু করে কৌশলগত দিক নিয়েও কাজ করেছিলেন খেলোয়াড়রা। কিন্তু ভারতের বিপক্ষে মাঠের লড়াইয়ে সেই প্রস্তুতির ছাপ খুব একটা দেখা যায়নি। প্রথম ম্যাচের এমন বিবর্ণ শুরু সামলে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোই এখন বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন